বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২০৪। এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। অন্যদিকে আজ ১১তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যার বায়ুমান স্কোর ১৬০। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ১৬০ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, লাহোরের দূষণ স্কোর ২০৪ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। শীর্ষ শহরের মধ্যে ভারতের রয়েছে ৩টি শহর, মুম্বাই ও দিল্লি ও কলকাতা।