‘সবকিছু সম্ভব’ মন্ত্রে ত্রিদেশীয় মিশনে বাংলাদেশ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এই বহুজাতিক টুর্নামেন্টটা যেন হারিয়েই যেতে বসেছিল। বাংলাদেশের ক্ষেত্রেও সমীকরণটা তেমন দিকেই। সবশেষ ত্রিদেশীয় সিরিজটা সাত বছর আগে খেলছিল লাল-সবুজের প্রতিনিধিরা, সেবারই জিতেছিল প্রথম। সেই স্মৃতি ফিরিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার থেকে হারিয়ে যাওয়ার পথে থাকা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নামছে বাংলাদেশ। 

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আজ শনিবার থেকে শুরু হতে যাওয়া এই ত্রিদেশীয় আসরের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা। আর এই সিরিজের অন্য দল আফগানিস্তান।  

আর এই ত্রিদেশীয় টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশ ওয়ানডে দলের স্থায়ী অধিনায়ক হিসেবে নতুন যুগের সূচনা করছেন লিটন। আগামী বছরের অক্টোবর পর্যন্ত চলা বিশ্বকাপ মিশনকে সামনে রেখে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে উইকেটকিপার-ব্যাটার লিটনের কাঁধেই পূর্ণকালীন নেতৃত্ব তুলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। নতুন দায়িত্ব কাঁধে নিয়ে আবুধাবির কন্ডিশনে খেলতে নেমেই টুর্নামেন্টের ভিন্ন ফরম্যাট ও স্নায়ুচাপের সমীকরণের কথা শোনালেন তিনি।

সাধারণ দ্বিপাক্ষিক সিরিজের চেয়ে ত্রিদেশীয় লড়াইয়ের মানসিক চাপ যে সম্পূর্ণ আলাদা, তা অকপটে স্বীকার করেছেন লিটন। গতকাল শুক্রবার আবুধাবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেললে একটা বাড়তি চাপ থাকে। তিনটা দলের জন্য একইরকম চাপ থাকবে যে ফাইনালে উঠতে হবে। আপনি যখন সাধারণ সিরিজ খেলেন, তখন অতটা চাপ থাকে না; কারণ আপনি জানেন প্রথম ম্যাচ হেরে গেলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। কিন্তু এখানে হেরে গেলেই রানরেটের জটিল হিসাব চলে আসে।’ 

জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হার দিয়ে কিছুটা হোঁচট খেলেও, তার আগের টানা চার সিরিজ জয় এবং র‍্যাঙ্কিংয়ের সেরা নয়ের কোটায় থেকে সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আত্মবিশ্বাস সঙ্গী করেই আরব আমিরাতে পা রেখেছেন শান্ত-মিরাজরা। 

এদিকে দলের বর্তমান শক্তি ও লক্ষ্যের কথা জানিয়ে সংবাদ সম্মেলনে লিটন আরও জানান, ‘আপনি যদি দেখেন এই দলটা অনেক ভালো ভালো সিরিজ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে অনেক ভালো খেলেছে। আমার কাছে মনে হয় এই দলটাতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে আর সঙ্গে আমরা যারা সিনিয়র আছি, যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি তাহলে সবকিছু সম্ভব।’ 

সব মিলিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটে ১৫টি ত্রিদেশীয় সিরিজের মধ্যে কেবল ওই একটি শিরোপা জিতেছে বাংলাদেশ।