কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু

কক্সবাজার জেলার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ পর্যটক মারা গেছেন। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে এবং পর্যটকসহ আরও বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য বলেন, ঘটনাস্থল থেকে পাঁচ মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান।

মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।