ব্রিজের নিচে পড়েছিল নারীর মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচে থেকে অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার দুর্গাপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়,সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দুর্গাপুর সড়কের ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মারদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনা সত্যতা নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব। তিনি  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।  তাৎক্ষণিক নিহত ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। লাশের শরীরে  আঘাতের চিহ্ন দেখা যায়নি। ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। 

তিনি জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মরদেহটি  ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো প্রক্রিয়াধীন চলছে।