যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরগামী একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।