ফ্যামিলি কার্ডে দারিদ্র্য দূর হলে বাড়বে জিডিপি: শিমুল বিশ্বাস

ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে দেশে দারিদ্র্য ও ক্ষুধা দূর হবে, মানুষের মুখে হাসি ফুটবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) বাড়বে বলে আশা প্রকাশ করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

শনিবার (১৭ অক্টোবর) সকালে পাবনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা  বলেন।

শিমুল বিশ্বাস বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে। এই মানবিক ও মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাধারণ মানুষের কল্যাণে অবদান রেখে কাজের ক্ষেত্রে সেরা দৃষ্টান্ত স্থাপন করা উচিত।

তিনি আরও বলেন, কার্ড পাওয়ার উপযুক্ত কোনো ব্যক্তি যেন সুবিধা থেকে বঞ্চিত না হন কিংবা কারও প্রতি অবহেলা করা না হয়, তা নিশ্চিত করতে হবে। নিজেদের মধ্যে সৎ কাজের প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অনিয়ম প্রতিহত করে ভালো উদ্যোগকে এগিয়ে নিতে হবে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মুসা, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সম্পাদক আঁখিনুরুল ইসলাম রেমন।