দীর্ঘ ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার দাবি তাঁর। তবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ক্ষোভে নিজের গালে জুতা দিয়ে আঘাত করেছেন এক ছাত্রদল নেতা। নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি—এমন অভিযোগ তুলে তাঁর ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমন একটি ভিডিও শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ছাত্রদল নেতার নাম মো. মহসিন ভূঁইয়া।
গত ১৪ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়াকে নতুন কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তাঁর অভিযোগ, গত ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামের প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। এ সময় অনেক নেতাকর্মী মামলা ও হামলার শিকার হয়েছেন। অথচ নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় না থাকা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি।
ভিডিওতে মহসিন ভূঁইয়া ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে নতুন কমিটি বাতিলের দাবি জানান। তাঁর বক্তব্য, কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের যেন হারিয়ে যেতে না হয়, সে বিষয়েও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
মহসিন ভূঁইয়া বলেন, আমাদের দাবি, দ্রুত এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি দিতে হবে। কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। আন্দোলন-সংগ্রামীদের হারিয়ে যেতে দেবেন না।
তবে কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি-এ অভিযোগ মানতে নারাজ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য এই কমিটি চেয়েছেন। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি অনুমোদন দিয়েছেন। তাঁরা যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেই কমিটি দিয়েছেন বলে দাবি করে তিনি।