আড়াইহাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে মিলল পিস্তল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সভাপতি শফিকুল ইসলাম শরীফের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার কৃষ্ণপুরা গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি শফিকুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করা হয়। ৩১ বছর বয়সী শফিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।

পরে অস্ত্র উদ্ধারের জন্য শুক্রবার দিবাগত গভীর রাতে আড়াইহাজার থানার পুলিশ কৃষ্ণপুরা এলাকায় শফিকুলের বসতবাড়িতে অভিযান চালায়। তার দেখানো মতে, বসতঘরের উত্তর পাশে সরু একটি জায়গায় বিশেষভাবে লুকিয়ে রাখা পলিথিনের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা পিস্তলটি রুপালি রঙের। এর দুই পাশে কাঠের বাট রয়েছে। অস্ত্রটির সঙ্গে একটি খালি ম্যাগাজিনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

শফিকুল ইসলাম শরীফ আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার মৃত আব্দুল কাদির ও সুজাতা বেগমের ছেলে।