শৈলকুপায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছের সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়ে। এই নিয়ে শনিবার দুপরে তার ছোট ভাই রবিউল ইসলামের সাথে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মজিবুলের পরিবারের সাথে রবিউলের পরিবারের সদস্যদের মারামারি শুরু হয়। সেসময় রবিউলের লাঠির আঘাতে মজিবুল ও তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয় মজিবুলের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এই ঘটনার পর রবিউল পালিয়ে গেলেও তার স্ত্রী মিলি খাতুনকে আটক করে রাখে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত হয়েছে।পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী ঘাতকের স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘাতক রবিউলকে আটকে অভিযান চলছে।