মাধবপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।শনিবার (১৭ অক্টোবর) মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সিরাজুল ইসলামের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেন।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম উপজেলার সাতপাড়া গ্রামের মিয়াব আলীর ছেলে ও চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

ওসি সোহেল রানা জানান, শুক্রবার সন্ধ্যায় মাধবপুর থানার অধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাধবপুরে পুলিশের গাড়ি ও ডাকবাংলো ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় তদন্তে সিরাজুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।