সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন, ওয়ানডের ১৮তম অধিনায়ক হৃদয়

ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচের আগেই দুঃসংবাদ পায় বাংলাদেশের দল। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন ওয়ানডে অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। ওয়ানডেতে বাংলাদেশের ১৮তম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। লিটনের বদলে উইকেটের পেছনে থাকবেন নুরুল হাসান সোহান।

আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে লিটনের চোট নিয়ে কোনো আভাস পাওয়া যায়নি। তবে ম্যাচের টসের সময় জানা যায়, চোটের সমস্যায় রয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ফলে পূর্ণাঙ্গ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে তার পথচলা শুরু হতে আরও অপেক্ষা করতে হচ্ছে।

লিটনের চোটের বিষয়ে বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, 'লিটন গতকালকে একটা অভিযোগ করে, হিপ জয়েন্টের, রাইট হিপ জয়েন্টে (অস্বস্তি)। আমরা গতকালকে একটা এমআরআই করায়েছি। এমআরআই রিপোর্টে আসছে যে ওর একটু সমস্যা আছে রাইট হিপ জয়েন্টের মধ্যে। লিটন আজকে তারপরেও একটু চেষ্টা করছিল ফিটনেস টেস্টে, চেষ্টা করছে যে পারা যায় কিনা, সো হি ইজ নট অ্যাভেইলএবল। ও যতটুকু বেঞ্চমার্ক, ওই বেঞ্চমার্ক ক্লিয়ার করতে পারে নাই যতটুকু আমরা চাই। সো হি ইজ নট অ্যাভেইলএবল ফর দিস সিরিজ।'

শুধু লিটনই নন, জ্বরের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও।