চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস অলিভার টুইস্ট-এর একটি ঘটনার সম্ভাব্য বাস্তব অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন জীবনীকার থেরেসা মাসগ্রোভ। ১৮৩৬ সালের সংবাদপত্রের পুরনো প্রতিবেদন ঘেঁটে তিনি অ্যালিস শেফার্ড নামের এক দরিদ্র তরুণীর দুর্ভোগের বিবরণ পেয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, যক্ষ্মায় আক্রান্ত শেফার্ড লন্ডনের হেনডন ওয়ার্কহাউসে বন্দি ছিলেন। একদিন বাইরে হাঁটতে যাওয়ার অনুমতি চাওয়ায় তাকে নির্জন কারাবাস ও অনাহারের শাস্তি দেওয়া হয়। ডিকেন্সের উপন্যাসে অলিভার যখন আরও খাবার চেয়ে বসে, তখন তাকেও কঠোর শাস্তির মুখে পড়তে হয়। দুই ঘটনার মধ্যে এই সাদৃশ্যই মাসগ্রোভের অনুসন্ধানের ভিত্তি।
তার সদ্য প্রকাশিত চার্লস ডিকেন্স অ্যান্ড হিজ হিডেন ফ্যামিলি হিস্ট্রি বইয়ে এই অনুসন্ধানের কথা উঠে এসেছে। ডিকেন্সের জীবনী ও সাহিত্য নিয়ে গবেষণাকারী লিওন লিটভ্যাকও ধারণাটিকে বিশ্বাসযোগ্য বলে মনে করেন। ডিকেন্স সাংবাদিকতা করার সময় সামাজিক অবিচারের নানা ঘটনা সম্পর্কে অবগত ছিলেন। শেফার্ডের ঘটনার খবর প্রকাশের পরপরই তিনি অলিভার টুইস্ট লেখা শুরু করেন।
তবে শেফার্ডই উপন্যাসটির প্রত্যক্ষ অনুপ্রেরণা ছিলেন, তা নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। অলিভার টুইস্ট ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল ১৮৩৭ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত। শেফার্ডের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই ডিকেন্স উপন্যাসটি লেখার পরিকল্পনার কথা প্রকাশককে চিঠিতে জানিয়েছিলেন।
সূত্র : দ্য গার্ডিয়ান