সাংবাদিক লুৎফুজ্জামান হত্যায় কিউআরএস টিমের উদ্বেগ

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কুইক রেসপন্স সাপোর্ট (কিউআরএস) টিম। শনিবার (১৭ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তার ওপর এক গুরুতর আঘাত এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে।

গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে তাঁকে গুলি করে হত্যা করা হয়। তিনি ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন (আইপিটিভি) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। 

বিবৃতিতে বলা হয়, লুৎফুজ্জামানের হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা, জনগণের স্বাধীন মতপ্রকাশের অধিকার এবং অপরাধ ও দুর্নীতির তথ্য জানার সুযোগের ওপর প্রত্যক্ষ আঘাত। এ ধরনের হত্যাকাণ্ডের ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়মুক্তির সংস্কৃতি শক্তিশালী হওয়ার পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

কিউআরএস টিম লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল পরিকল্পনাকারী, সহযোগী ও প্রত্যক্ষ ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে আলিফ ফকিরের ওপর পূর্ববর্তী হামলার অভিযোগগুলো তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না, পদক্ষেপ গ্রহণে কোনো ব্যর্থতা ছিল কি না তা যাচাই করার দাবি জানিয়েছে।

কিউআরএস টিম সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)-এর সহায়তায় অ্যাডভোকেসি সংস্থা ভয়েসের উদ্যোগে এ টিম কাজ করছে।