ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানের টিনের চালের স্ক্রু খুলে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৭০০ টাকার সিগারেট ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দোকান মালিক মো. বিপ্লব মোল্যা।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বোয়ালমারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাসিরুদ্দিন এবিণয়ে নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত থেকে শনিবার সকাল সাড়ে ৮টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।
দোকানমালিক মো.বিপ্লব মোল্যার অভিযোগ, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ১০টার দিকে দোকানে এসে বেচাকেনা করেন বিপ্লব মোল্যা। রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দোকানে এসে শাটারের তালা খুলে ভেতরে ঢুকে। এ সময় দোকানের টিনের চালের স্ক্রু খোলা এবং সিসি ক্যামেরায় চুইংগাম লাগানো দেখতে পান। পরে দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০০ কার্টন সিগারেট এবং ক্যাশে রাখা ৩ হাজার ৭০০ টাকা খুঁজে পাননি তিনি।
চুরি হওয়া সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এএসআই মো. নাসিরুদ্দিন জানান, চুরির ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।