চট্টগ্রাম সমিতি-ঢাকার গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মহান স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বৃহত্তর চট্টগ্রামের গুণীজনদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকা। একই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব ভবনের মিলনায়তনে এ সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণি। চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, হাসপাতাল কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, সমিতির সাবেক সভাপতি ও সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী।

এ ছাড়া বক্তব্য দেন সমিতির সাবেক দুই সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক ও নাছির উদ্দিন এবং শিক্ষা ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার জাহেদ মুরাদসহ সংবর্ধনাপ্রাপ্ত অতিথিরা।

অনুষ্ঠানে গুণীজন ও তাদের প্রতিনিধিদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধিত গুণীজনদের মধ্যে রয়েছেন ২০২৫ ও ২০২৬ সালে মহান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, প্রয়াত অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ও প্রয়াত নভেরা আহমেদ।

এ ছাড়া ২০২৫ ও ২০২৬ সালে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত আইয়ুব বাচ্চু, প্রয়াত ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও প্রয়াত মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. সুলিমুল্লাহ খানকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ২০২৩–২০২৪ ও ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত মোট ৩৩ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।