ময়মনসিংহের নান্দাইলে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ২ টার দিকে এই ঘটনা ঘটে ঘটে।
যুবক হাবিবুর উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ছামারুল্লা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর দুপুরের দিকে নিজ বাড়ির আমড়া গাছ লাগোয়া সুপারি গাছ থেকে সুপারি পাড়ার জন্য প্রথমে আমড়া গাছে ওঠে। আমড়া গাছ থেকে সুপারি গাছে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী বাদল মিয়া জানান, হাবিবুর খুব ভালো লোক ছিল, সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে নিচে পড়ে যায়, মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় মারা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য, মতিউর রহমান সেজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।