স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, দুর্গাপূজা শুধু আনন্দ-উৎসব নয়, এটি সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করতে পারলেই পূজার প্রকৃত সার্থকতা অর্জিত হবে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরে মন্ত্রী নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজকদের খোঁজখবর নেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, যুগে যুগে সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দেবী দুর্গার অসুরবধের মধ্য দিয়ে অন্যায়ের পরাজয় ও ন্যায়ের প্রতিষ্ঠার বার্তা পাওয়া যায়। দুর্গাপূজা থেকে এই শিক্ষা গ্রহণ করে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে হবে। সবাইকে মিলেমিশে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে হবে।
এ সময় মন্ত্রী পূজামণ্ডপে উপস্থিত পূজারি, আয়োজক ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান এবং আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি ও ব্যবসায়ী প্রবীর সাহাসহ স্থানীয় ব্যক্তিরা।