আবারও মধ্যপাড়া পাথর খনির এমডি হলেন ডি.এম জোবায়েদ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপাদনশীল ভূগর্ভস্থ খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আবারও যোগ দিয়েছেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন। এর আগে গত ১৪ অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম স্বাক্ষরিত এক আদেশে তাঁকে পুনরায় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পেট্রোবাংলার উৎপাদন ও বিপণন বিভাগে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংযুক্ত ছিলেন।

প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন ২০২৫ সালের ১ জানুয়ারি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চলতি দায়িত্বে যোগদান করেন। পরে একই বছরের ১১ ফেব্রুয়ারি তিনি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান।

পরবর্তী সময়ে ২০২৬ সালের ২ জুন তাকে মধ্যপাড়া থেকে পেট্রোবাংলায় বদলি করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিস আদেশে তাকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংযুক্ত করা হয়েছিল।

সেই হিসাবে, ২০২৬ সালের ২ জুন থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চার মাস ১২ দিন পর তিনি আবারও নিজ পদে ফিরলেন। এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২ জুন পর্যন্ত এক বছর পাঁচ মাস এক দিন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে থাকা প্রকৌশলী মো. আমজাদ হোসেনকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সচিব ও ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংযুক্ত করা হয়েছে। তিনি ২০২৬ সালের ২ জুন মধ্যপাড়ায় যোগদান করেছিলেন।