নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুর জামান ফকির ওরফে আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
 
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পরিবারটির খোঁজখবর নিতে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে নিহতের বাড়ি বিরিশিরি ইউনিয়নের তেলঞ্জি গ্রামে যান উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ডেপুটি স্পিকারের পক্ষ থেকে নিহতের স্ত্রী আনন্দিতী সাংমার হাতে এক লাখ টাকার আর্থিক অনুদান ও পোশাক তুলে দেন তারা।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সহ-সভাপতি এম এ জিন্নাহ, সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ শহিদুল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টারসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
 
এদিকে আর্থিক অনুদান তুলে দেওয়ার পর নিহত সাংবাদিকের স্ত্রীর কর্মসংস্থানের জন্য ডেপুটি স্পিকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া। তিনি বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। আমাদের দল সবসময় হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সঠিক বিচার হোক আমরা এমনটাই আশা করি। আসামিরা দ্রুত আইনের আওতায় আসুক, এটাই আমাদের চাওয়া। 
 
তিনি আরও বলেন, আমাদের দুর্গাপুর-কলমাকান্দা আসনের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সার্বক্ষণিক পরিবারটির খোঁজখবর রাখছেন। নিহতের স্ত্রী ও সন্তানদের ব্যাপারে তিনি অবগত রয়েছেন। তাদের কর্মসংস্থানের ব্যাপারেও তিনি উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।