সেনাবাহিনী চ্যাম্পিয়ন

প্রথম আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপে সেরা দল বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১৪টি ইভেন্টের মধ্যে ১২টিতেই স্বর্ণ জিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। বাকি দুটি ইভেন্টে একটি করে স্বর্ণপদক জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার।

ঢাকার আর্মি স্টেডিয়ামে গতকাল শনিবার প্রতিযোগিতার শেষ দিনে আটটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাতটিতে প্রথম হয়েছে সেনাবাহিনী, অন্যটিতে সেরা হয়েছে আনসার। ১০০০ মিটার স্প্রিন্টের নারী বিভাগে সেনাবাহিনীর শিল্পী খাতুন, পুরুষদের এ বিভাগে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসেন, ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টের পুরুষ ও নারী দুই বিভাগেই স্বর্ণ জিতেছে সেনাবাহিনী। নারীদের ৪০০০ মিটার স্ক্র্যাচ রেসে সেনাবাহিনীর শিল্পী খাতুন, পুরুষদের ৪০০০ মিটার টিম পারসুটে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসেন, নারীদের ২০০০ মিটার টিম পারসুটে সেনাবাহিনী এবং পুরুষদের ১৫০০০ মিটার স্ক্র্যাচ রেসে আনসারের ইয়ামিন খান স্বর্ণপদক জেতেন।

খেলাশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, বিজিবির পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল এবিএম শাহ রেজা এবং আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সাবেক উপমহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আলমগীর কবির।