সতীর্থকে বাঁচাতে গিয়ে হেডবাটের শিকার ইয়ামাল

লা লিগায় কঠিন লড়াইয়ের মুখে দুর্দান্ত এক গোল করে আবারো নিজের শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন লামিন ইয়ামাল। ১৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকার দূরপাল্লার চোখধাঁধানো গোলে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় এফসি বার্সেলোনা। শেষ পর্যন্ত উত্তপ্ত ও নাটকীয়তায় ভরা ম্যাচটি ৫-২ ব্যবধানে জিতে নিয়েছে হান্সি ফ্লিকের দল।

শনিবার বেতিসের মাঠে ম্যাচের ১০ম মিনিটে আসে সেই রোমাঞ্চকর মুহূর্ত। জুলস কুন্দের বাড়ান বল ধরে ডি-বক্সের বাইরে থেকে আড়াআড়ি বাঁকানো অসাধারণ এক শটে লক্ষ্যভেদ করেন ইয়ামাল। গোল উদযাপনে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে বিশেষ ভঙ্গিমায় পোজ দেন তরুণ এই ফরোয়ার্ড, পরে সাইডবোর্ডে বসে সতীর্থ কুন্দেকে জড়িয়ে ধরেন। চলতি লা লিগা মৌসুমে এটি ইয়ামালের অষ্টম গোল।

পয়েন্ট তালিকার শীর্ষ তিনে থাকা বেতিসের বিপক্ষে ম্যাচটিতে গোল উৎসবের পাশাপাশি মাঠের মেজাজও ছিল উত্তপ্ত। বার্সেলোনা ৩-২ ব্যবধানে এগিয়ে থাকার সময় প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ইয়ামাল। বার্সা ফরোয়ার্ড ফেরমিন লোপেসকে ঘিরে বেতিস খেলোয়াড়দের আপত্তির মুখে সতীর্থকে রক্ষা করতে এগিয়ে যান ইয়ামাল। এতে বেতিস মিডফিল্ডার ফাকুন্দো বের্নালের সঙ্গে তার ধাক্কাধাক্কি হয়। বের্নাল ইয়ামালের ঘাড় চেপে ধরে মাথা দিয়ে গুঁতো দিলে রেফারি রিকার্দো দে বুর্গোস তাকে সরাসরি লাল কার্ড দেখান। সংঘাতময় পরিস্থিতিতে ভূমিকা রাখায় ইয়ামালকেও হলুদ কার্ড দেখতে হয়।

 

ম্যাচের ৭০তম মিনিটে মাঠ ছাড়ার আগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন ইয়ামাল। ২০ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে বার্সেলোনা।