লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক বাধায় এ চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে একযোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। তাদের কঠোর অবস্থান ও বাধার মুখে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় সূত্র জানায়, পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ১২ জন সীমান্ত থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, বিএসএফের এ ধরনের পুশইন চেষ্টার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমেই বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে।