দুমকির ১১ মণ্ডপে উৎসবমুখর দুর্গাপূজা

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঁচ ইউনিয়নের ১১টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনায় ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে মণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ।

শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ২১ অক্টোবর মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

উপজেলার শ্রীরামপুর, আঙ্গারিয়া, লেবুখালী ও পাঙ্গাশিয়া ইউনিয়নে দুটি করে এবং মুরাদিয়া ইউনিয়নে তিনটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা শহরের নতুন বাজার সার্বজনীন শ্রীশ্রী হরিমন্দিরে গিয়ে দেখা যায়, ধর্মীয় রীতিনীতি মেনে চলছে পূজা-অর্চনা। ভক্তরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজায় অংশ নিচ্ছেন।

মন্দির কর্তৃপক্ষ জানায়, এবার দুর্গাপূজার বাজেট তিন লাখ টাকা। গত বছর এ বাজেট ছিল আড়াই লাখ টাকা। ১৯৯৭ সালে নিবন্ধিত মন্দিরটিতে প্রতিবছর দুর্গাপূজার আয়োজন করা হয়।

মন্দিরের পুরোহিত মিহির কান্তি চক্রবর্তী বলেন, ধর্মীয় রীতিনীতি মেনে পূজা-অর্চনা চলছে। ভক্তরা আনন্দ ও উৎসাহের সঙ্গে পূজায় অংশ নিচ্ছেন। সবার মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

এদিকে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। প্রতিটি মণ্ডপে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, উপজেলার ১১টি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। প্রতিটি মণ্ডপে নিয়মিত নজরদারি চলছে।