বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজি নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল ইসলাম কামাল ফরাজি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও একই ওয়ার্ডের দুইবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য। তিনি জলিশা গ্রামের মৃত জাহাঙ্গীর ফরাজির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) তাওহীদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম কামাল ফরাজিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট মামলায়  গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।