আমেরিকায় কনসার্ট করতে যাওয়ার গিয়ে হেনস্তার শিকার ভারতের জতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। গায়িকার অভিযোগ, বিমান সংস্থার চরম দুর্ব্যবহারের কবলে পড়েন তিনি ও তার টিম। নিউ জার্সিতে একটি দুর্গোৎসবের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে ডালাস বিমানবন্দরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন তারা।
ইমন জানান,যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে নির্দিষ্ট সময়েই পৌঁছে গিয়েছিলেন ইমন ও তার কলাকুশলীরা। কিন্তু আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ওঠার ঠিক আগমুহূর্তে কোনো প্রকার সন্তোষজনক কারণ দেখানো ছাড়াই বিমান সংস্থার কর্মীরা তাদের বোর্ডিংয়ে বাধা দেন।
সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে কান্নাবিজড়িত কণ্ঠে গায়িকা জানান, এর প্রতিবাদ করতে গেলে বিমান সংস্থার কর্মীরা তাদের সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ করেন। এমনকি অভিযোগ ওঠে, শিল্পীদের গেট থেকে রীতিমতো ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়। সংগীতশিল্পীদের প্রধান সম্বল তাদের পেশাদার বাদ্যযন্ত্র বা ইনস্ট্রুমেন্টগুলো। বিমান কর্তৃপক্ষ জানিয়ে দেয়, যাত্রাপথে বা ট্রানজিটে ওই বাদ্যযন্ত্রগুলো যদি ভেঙেও যায়, তবে তার কোনো ক্ষতিপূরণ বা দায়ভার এয়ারলাইন্স নেবে না। এ মানসিক চাপ ও চরম হেনস্তার জেরে শেষ পর্যন্ত তাদের ফ্লাইটটি মিস হয়ে যায়।
পরে অন্য ফ্লাইটের ব্যবস্থা করার কথা বলা হলেও, সেই ফ্লাইটেও তাদের আসন নিশ্চিত হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা ও টালবাহানা চলতে থাকে। তবে সমস্ত প্রতিকূলতা ও ঝড়ঝাপটা পেরিয়ে শেষ পর্যন্ত টিমের সদস্যদের নিয়ে ফিলাডেলফিয়ায় নিরাপদে পৌঁছাতে পেরেছেন ইমন চক্রবর্তী।