প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফরকালে স্থানীয় বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে আগামী ২০ অক্টোবর সাংগঠনিক বৈঠক করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রবিবার (১৮ অক্টেবর) সকাল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলে যাবেন। সেখানে তিনি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া তিনি বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে সাংগঠনিক সভার কর্মসূচি দিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, জে এম সেন হলের কর্মসূচির পর নগরীর রেডিসন ব্লু হোটেলে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। সভায় নেতাদের মধ্যে কারা অংশ নেবেন এর একটি ক্রাইটেরিয়া ঠিক করা হচ্ছে।
গত ৯ আগস্ট চট্টগ্রাম সফরকালে স্থানীয় একটি হোটেল সাংগঠনিক সভা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সভায় দলের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের পাশাপাশি ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নিয়েছিলেন।