গুরুদাসপুরে মানববন্ধন

দুর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদ

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদ জানিয়েছেন নাটোরের গুরুদাসপুরের সাংবাদিকরা। রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় গুরুদাসপুরে আয়োজিত এক মানববন্ধন সমাবেশে এ প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আজকের পত্রিকার সাংবাদিক মো. আনিছুর রহমান। বক্তব্য রাখেন চলনবিলের প্রবীণ সাংবাদিক মো. শহিদুল ইসলাম, গুরুদাসপুর ইনডিপেনডেন্ট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদের সাংবাদিক আব্দুস সালাম, দেশ রূপান্তরের সাংবাদিক মেহেদী হাসান শাওন, আজকের বসুন্ধরা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি সেলিম রেজা, সাংবাদিক সজিবুল হক, মুভি বাংলার বারকুল্লা ইসলাম এবং সাংবাদিক আশরাফুল ইসলাম টুটুলসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও নানা অসংগতি জনসমক্ষে তুলে ধরেন। সেই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা শুধু একজন সংবাদকর্মীর ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশের ওপরও সরাসরি হুমকি।

তাঁরা আরও বলেন, এমন ঘটনা বারবার ঘটতে থাকলে মাঠপর্যায়ের সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সাংবাদিকের হাতে কলম থাকে, অস্ত্র নয়। সেই কলম যেন ভয়হীনভাবে সত্য লিখতে পারে গুরুদাসপুরের মানববন্ধন থেকে সেই দাবিই উঠে আসে।