আমিনবাজারে সড়কের দুই পাশে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে আমিনবাজার এলাকায় নিজের হাতে গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

সাভার সেনানিবাসে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে আমিনবাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাহউদ্দিন টুকু।

মহাসড়কের যে অংশগুলো দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সেগুলোর সৌন্দর্য বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করাই এই সবুজায়ন কর্মসূচির মূল উদ্দেশ্য।

চারা রোপণের পর প্রধানমন্ত্রী সড়কের পাশে সবুজায়ন নিশ্চিত করতে এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এর আগে সকালে সাভার সেনানিবাসের অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।