নোয়াখালীতে জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মিজানুর রহমান মিজান নামে এক ব্যবসায়ীকে দোকান থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করার খবর পাওয়া গেছে। বেগমগঞ্জের আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মিজানুর রহমান (৩২) ১ নম্বর আমানউল্যাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যার ছেলে।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু জায়েদ জানান, গুলিবিদ্ধ ব্যবসায়ী মিজান স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত।

তার অভিযোগ, চিহ্নিত সন্ত্রাসী  ‘কানা নিজাম’-এর নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী গোষ্ঠীর ২৫ জনের একটি সশস্ত্র দল মিজানুর রহমান মিজানের দোকানে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা দোকানে ঢুকে খুব কাছ থেকে মিজানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বুকের বামপাশে লাগে এতে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মিজানকে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে  চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

মাওলানা আবু জায়েদ জানান, অভিযুক্ত কানা নিজাম নিজেকে বিএনপি কর্মী হিসেবে দাবি করেন। হামলায় মিজানুর রহমান পলাশ, কালা শহীদ, তারেক, রায়হান, শাহ আলম, রাজু, ফরহাদ, ফাহাদ, আসিফ, সৈকত, নজরুল, রনি, সাকিব, ফয়সাল ও শাহসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনের মতো ছিল।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।