সার ডিলার নিয়োগে অনিয়ম অভিযোগে ঝিনাইদহে প্রতিবাদ

ঝিনাইদহে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।

রবিবার (১৮ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর প্রধার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগে চরম অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তারা। দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কয়েকজন সার ডিলারের নামও উল্লেখ করেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।

এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমানসহ সহস্রাধিক নেতাকর্মী।