বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে কিছুটা সমালোচনার মুখে পড়েছিল বায়ার্ন মিউনিখ। তবে কোচ ভিনসেন্ট কোম্পানি শুরু থেকেই বলে আসছিলেন, এসব ড্র দিয়ে তার দলের প্রকৃত সামর্থ্য বিচার করা যাবে না, বায়ার্ন সেরা ফর্মে ফেরার খুব কাছাকাছিই রয়েছে। বেলজিয়ান এই কোচের সেই ভবিষ্যদ্বাণী গতকাল শনিবার রাতেই সত্যি করে দেখালেন তার শিষ্যরা। আরবি লাইপজিগের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ করে নিজেদের রাজকীয় রূপ ফিরিয়ে আনল বাভারিয়ানরা।
আর এই গোল উৎসবের ম্যাচে হ্যাটট্রিক করেছেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ।
ম্যাচের আগের দিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে সমালোচকদের জবাব দিতে গিয়ে বায়ার্ন কোচ কোম্পানি বলেছিলেন, ‘লিগ ও ইউরোপিয়ান প্রতিযোগিতায় দলের টানা ড্রগুলো কোনোভাবেই বায়ার্নের বর্তমান পারফরম্যান্সের প্রকৃত প্রতিফলন নয়।’
কোচের সেই আস্থার শতভাগ প্রতিদান দিয়ে ম্যাচের ১২তম মিনিটেই গোলের খাতা খোলেন দিয়াজ। এর ঠিক ১৪ মিনিট পর তার বুদ্ধিদীপ্ত পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার পাভলোভিচ। এরপর ম্যাচের ৩৪ মিনিটে প্রথমার্ধজুড়ে লাইপজিগ রক্ষণকে তটস্থ রাখা মাইকেল ওলিসে এক দুর্দান্ত গোলে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।
বিরতির পরও অব্যাহত থাকে বায়ার্নের আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী। হ্যারি কেইনের শততম বুন্দেসলিগা ম্যাচ উদযাপনের দিনে দিয়াজ নিজের অসাধারণ হ্যাটট্রিক পূরণ করলে স্কোরলাইন দাঁড়ায় ৬-০। যোগ করা সময়ে লাইপজিগ একটি গোল ফিরিয়ে দিলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে বরুসিয়া ডর্টমুন্ডকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ইউনিয়ন বার্লিনের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে ডর্টমুন্ড।
স্ট্রাসবার্গের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও পিএসজির দাপুটে জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের পর লিগ ওয়ানের ম্যাচে একাদশ সাজাতে গিয়ে বড় রকমের জুয়া খেলেছিলেন কোচ লুইস এনরিকে। আগের ম্যাচ থেকে একবারে আটটি পরিবর্তন এনে মাঠে নামা বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে প্রায় খেসারতই দিতে হয়েছিল স্ট্রাসবার্গের মাঠে।
জিও রেনার গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর গোলরক্ষক মাভে সুফনভের অবিশ্বাস্য কিছু সেভ না থাকলে ব্যবধান আরও বাড়াতে পারত স্ট্রাসবার্গ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করে উসমান দেম্বেলেও হতাশ করেছিলেন সমর্থকদের। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ঠিকই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল। পেনাল্টি মিসের হতাশা মুছে দেম্বেলে যেমন গোল করে ও করিয়ে নায়ক বনেছেন, তেমনি এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও উঠে বসেছে ফ্রেঞ্চ জায়ান্টরা।