বাঁশখালীতে ‘এসআরবি’ পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেয়ার অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে মো. এহসান প্রকাশ হাসান নামে এক ব্যবসায়ীকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয় দিয়ে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাকে নিয়ে যাওয়া হয়।

এঘটনায় জড়িত ব্যক্তিরা প্রকৃত এসআরবি সদস্য নন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিখোঁজ মো. এহসান প্রকাশ হাসান (৩৬) উপজেলার পশ্চিম পুঁইছড়ি এলাকার তেরিয়াকাটা গ্রামের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী নুরুল কবিরের ছেলে। তিনি দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকায় থাকার পর দেশে ফিরে প্রেমবাজারে হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ব্যবসায়ী এহসানের পরিবারের অভিযোগের ভিত্তিতে পেকুয়ার নেজাম উদ্দিন প্রকাশ রেজু (৪২) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে তুলে নেওয়ার ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশের একাধিক দল সক্রিয়ভাবে অনুসন্ধান চালাচ্ছে ব‌লে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে কালো পোশাক ও মুখে কালো মাস্ক পরা চার ব্যক্তি মো.এহসান প্রকাশ হাসানের ব্যবসা প্রতিষ্ঠানে সামনে আসেন। তাদের মধ্যে দুইজন ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে এহসানকে হাতকড়া পরিয়ে নিয়ে যান। অপর দুজন বাইরে অবস্থান করছিলেন। তাদের পোশাকে এসআরবির লোগো (ফেইক) ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীদের ভাষ্য, ব্যবসায়ীকে প্রথমে সিএনজিচালিত অটোরিকশায় করে নাপোড়া থেকে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং হাজী বাজারে নেওয়া হয়। পরে সেখান থেকে অন্য একটি অটোরিকশায় তাকে চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথার দিকে নিয়ে যাওয়া হয়।

এহসানের চাচাতো ভাই জসিম উদ্দিন বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, এসআরবি পরিচয়ে যারা আমার ভাইকে নিয়ে গেছেন, তারা প্রকৃত এসআরবি সদস্য নন। কারা এবং কী কারণে তাকে নিয়ে গেছে, সে বিষয়ে আমরা কিছু জানি না। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। ’

এসআরবি-৭ চট্টগ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় এসআরবির পরিচয় ব্যবহারকারীরা প্রকৃত সদস্য নন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রয়োজন রয়েছে।

এঘটনায় নি‌খোঁজ ব‌্যবসায়ী‌কে উদ্ধারসহ প্রয়োজনীয় আইনি সহায়তা পেতে র‌বিবার (১৭ অক্টোবর) বিকেলে  প্রেমবাজারে এক মানববন্ধনের আয়োজন ক‌রা হয়েছে বলে জানান স্থানীয় সমাজকর্মী শামীম উল্লাহ আ‌দিল।