নাটোরে দেশীয় অস্ত্র উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত অবস্থায় একটি করে ওয়ান শুটারগান,সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। রবিবার (১৮ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি-সিপিসি-২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নাটোর ক্যাম্পের আভিযানিক দল শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় পূর্ণকলস গ্রামে জনৈক সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলের ওপর একটি বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে বাজারের ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি করে ওয়ান শুটারগান, সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার করা হয়।

দুপুরে উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বড়াইগ্রাম থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।