আপিল বিভাগ:  চাঞ্চল্যকর তিন মামলার আপিল শুনানির দিন নির্ধারণ 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এবং মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার (১৮অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ তিন  মামলার চূড়ান্ত শুনানির তারিখ ধার্য করেন। এর মধ্যে নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানির জন্য ১৭ নভেম্বর, আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানির জন্য ২৪ নভেম্বর এবং মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানির জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাত খুন মামলা: ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে তাদের লাশ শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেওয়া হয়। ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়নগঞ্জের আদালত এ মামলার ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। পরে হাইকোর্টে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের শুনানি নিয়ে ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট ১৫ জনের ফাঁসির সাজা বহাল রেখে এবং ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দেয়। এরপর থেকে মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। 
আবরার হত্যা মামলা

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার অধস্তন আদালত ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন সাজা দেয়। গত বছরের ১৬ মার্চ হাইকোর্টের রায়ে অধস্তন আদালতে আসামিদের দেওয়া সাজা বহাল থাকে। এ মামলাটিও আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

মেজর সিনহা হত্যা মামলা: ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব:) সিনহা মো. রাশেদ খান। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার অধস্তন আদালত সাবেক ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং আরও ৬ আসামিকে যাবজ্জীবন সাজা দেয়। গত বছরের ২ জুন হাইকোর্ট প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড ও অপর ৬ জনের যাবজ্জীবন সাজা বহাল রাখে। এ মামলাটিও আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।