নলডাঙ্গা স্টেশনে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় বিশ্বনাথ (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশ্বনাথ নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্রের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিশ্বনাথ রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নলডাঙ্গা রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার হাইউল মিয়া। তিনি জানান, বোনারপাড়া রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।