গাজীপুরে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে গোডাউনে থাকা সব ঝুট পুড়ে গেছে।

রবিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর আমবাগ ঈদগাহ মাঠের উত্তর-পূর্ব পাশে ওই গোডাউনে আগুন লাগে। 

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গোডাউনে প্রচুর পরিমাণে ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।