প্রযুক্তির জগতে নিজেদের শক্তিশালী ওপেন-সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল উন্মোচন করেছে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
কোম্পানিটির দাবি, ‘মিউজ স্পার্ক ওপেন’ নামের মডেল এ যাবৎকালের মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি সেরা পারফরম্যান্সের ওপেন-সোর্স এআই মডেল। কেবল সক্ষমতার দিক থেকেই নয়, নতুন মডেলটির বিশেষত্ব এর ব্যবহারের প্রক্রিয়ায় লুকিয়ে আছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। মেটা বলেছে, এটাই প্রথম নিজস্ব শ্রেণির এআই মডেল, যা ব্যবহারকারীর ডেস্কটপেই চালানো সম্ভব।
সর্বশেষ ‘এমএলএক্স’ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে অ্যাপলের দুটি ‘এম৫ আল্ট্রা ম্যাক স্টুডিও’ কম্পিউটারের সমন্বয়ে সহজেই মডেলটি রূপায়ণ করা যাবে। প্রযুক্তি বিশ্বে মেটা ও অ্যাপলকে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে একযোগে কাজ করেছে কোম্পানি দুটি।
এক্স পোস্টে মেটা সিইও মার্ক জাকারবার্গ লিখেছেন, ‘বৃহস্পতিবার বাজারে আসা মিউজ স্পার্ক ওপেন মডেলটি জন টার্নাস ও অ্যাপল টিমের যৌথ প্রচেষ্টার কারণে নতুন ম্যাক স্টুডিওতে কাজ করছে।’ জাকারবার্গের সেই বার্তার জবাবে অ্যাপলের নতুন সিইও জন টার্নাস অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘পুরো টিমকে অভিনন্দন! মিউজ স্পার্ক ওপেনের মতো উচ্চমানের ও বড় পরিসরের এআই মডেল ডেস্কে বসেই এত সক্ষমতার সঙ্গে চালানো সত্যিই দারুণ বিষয়। অন-ডিভাইস এআই প্রযুক্তির সীমানা বারবার ছাড়িয়ে যাচ্ছে ম্যাক স্টুডিও!’
এদিকে এ উন্মোচনের অংশ হিসেবে ‘এমএলএক্স’ প্রযুক্তি নিয়ে নতুন পোস্ট প্রকাশ করেছে অ্যাপলও। ‘এমএলএক্স’ হচ্ছে অ্যাপল সিলিকন প্রসেসরের জন্য তৈরি বিশেষ এক ‘অ্যারে ফ্রেমওয়ার্ক’, যা নতুন ‘মিউজ স্পার্ক ওপেন’সহ আরও দুটি উন্মুক্ত এআই মডেলকে অ্যাপল ডিভাইসে চালাতে সহায়তা করবে।