মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সিক্ত এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশে মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান বলেন, গত ২৭ বছরে মানবসেবার ছোট চারাগাছ থেকে আজ প্রতিষ্ঠানটি মহিরুহে পরিণত হওয়ার পথে রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে ফাউন্ডেশনের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান তিনি।

রোববার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। একটু চেষ্টা, একটি উদ্যোগ—এই সংকল্পে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সব সময় বাংলাদেশের সর্বত্র প্রতিটি মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যতে সারা বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

এর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আইডিয়া ফেস্ট প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চেক ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দল।

পরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি সুভেনিরের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ১৯৯৯ সালের ১৮ অক্টোবর যাত্রা শুরু করে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগানকে ধারণ করে জেডআরএফ দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে মানবসেবায় অসংখ্য দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে সংগঠনটি সারা দেশে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছে।