রাজধানীতে বিশেষ কায়দায় কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলের লক ভেঙে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেল, আমির ফয়সাল ওরফে রাব্বি, ফয়সাল, সৌরভ, জাহাঙ্গীর আলম পাপ্পু ও মোজাম্মেল হক মাসুম। এ সময় তাদের থেকে বিশেষ কৌশলে লক ভাঙার দুটি লোহার চাবি ও চুরি হওয়া ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।
তিনি বলেন, গত ২ অক্টোবর বিকেলে মোহাম্মদপুরে এক ব্যক্তি মোটরসাইকেল লক করে আসরের নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন। এই সুযোগে চোর চক্রের সদস্যরা কয়েক সেকেন্ডের মধ্যে লক ভেঙে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ওই চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ডিবি তা নিয়ে কাজ শুরু করে চক্রের সদস্যদের শনাক্ত করে। প্রথমে নন্দীপাড়া ও মাদারটেক থেকে চক্রের রাশেদুল ইসলামকে বিশেষ চাবি ও একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকা থেকে রাব্বিকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
মহানগর ডিবি প্রধান বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার লাকসাম থেকে চারটি চোরাই মোটরসাইকেলসহ ফয়সাল ও সৌরভকে এবং নোয়াখালীর চাটখিল থেকে আরও তিনটি চোরাই মোটরসাইকেলসহ পাপ্পু ও মাসুমকে গ্রেপ্তার করা হয়। চুরির ঘটনায় ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।