ঢামেকে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে রাকিব নামে এক যুবককে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

গতকাল রবিবার দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করার বিষয়টি জানিয়েছেন ঢামেক হাসপাতালের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন।

শাহাদাত জানান, জরুরি বিভাগে এক যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে সেখানে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি নিজেকে চিকিৎসক হিসেবে মিথ্যা পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আটক রাকিব বরিশালের গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করেন। রাকিবের দাবি, অসুস্থ ভাইকে হাসপাতালে ভর্তি করাতে তিনি ঢামেক হাসপাতালে এসেছিলেন। অনেক চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে পরিচয় দেন। এরপরই আনসার সদস্যরা তাকে আটক করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ থেকে আটক করার পর আনসার সদস্যরা রাকিবকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।