কিংবদন্তি মোহাম্মদ আলী যিনি বিশ্বজুড়ে বক্সিংয়ে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। তিনি একধারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মীও বটে। আর এসব কারণে এই বক্সার বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাকে প্রায়শই সর্বকালের সর্বশ্রেষ্ঠ হেভিওয়েট বক্সার হিসেবেও গণ্য করা হয়।
এবার পর্দায় উঠে আসছে এই কিংবদন্তি বক্সারের জীবন, বক্সিংয়ে তার উত্থান ও বিশ্বজুড়ে সাংস্কৃতিক আইকন হয়ে ওঠার গল্প।
মোহাম্মদ আলীর জীবন অবলম্বনে নির্মিত নতুন সিরিজ ‘দ্য গ্রেটেস্ট’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস ও প্রাইম ভিডিও। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার ও পোস্টার। আগামী ৪ নভেম্বর প্রাইম ভিডিওতে সিরিজটির সব পর্ব একসঙ্গে মুক্তি পাবে।
বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের দর্শক এটি দেখার সুযোগ পাবেন।
সিরিজটিতে মোহাম্মদ আলীর চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা জালেন বেস্ট। এতে ১৯৪২ সালে ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র নামে জন্ম নেওয়া আলীর জীবনের নানা অধ্যায় তুলে ধরা হবে। বক্সিংয়ে তার উত্থান থেকে শুরু করে বিশ্বজুড়ে পরিচিতি অর্জন এবং সাংস্কৃতিক আইকন হয়ে ওঠার গল্পই হবে সিরিজটির অন্যতম আকর্ষণ।
‘দ্য গ্রেটেস্ট’-এর নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ আলীর স্ত্রী লনি আলী। সিরিজটি নির্মাণের পাশাপাশি নির্বাহী প্রযোজক ও শো-রানারের দায়িত্ব পালন করছেন বেন ওয়াটকিনস। এর আগে ‘ক্রস’ ও ‘হ্যান্ড অব গড’ সিরিজে কাজ করেছেন তিনি। এটি অথেন্টিক স্টুডিওস, রক নেশন, পলিগ্রাম এন্টারটেইনমেন্ট (ইউনিভার্সাল মিউজিক গ্রুপের একজন অংশীদার) এবং গ্রেস: এ স্টোরিটেলিং কোম্পানি দ্বারা প্রযোজিত।
সিরিজটিতে ক্যাসিয়াস ক্লে সিনিয়রের চরিত্রে অভিনয় করেছেন ওমারি হার্ডউইক, ওডেসা ‘বার্ড’ ক্লের ভূমিকায় ডানা গুরিয়া ও রুডি ক্লের চরিত্রে কাই পারহাম। এ ছাড়া সনি লিস্টনের চরিত্রে আমিন জোসেফ, অ্যাঞ্জেলো ডান্ডির ভূমিকায় জিওভান্নি রিবিসি এবং ম্যালকম এক্সের চরিত্রে দেখা যাবে মাইকেল ইলিকে।
২০২৫ সালের এপ্রিলে অন্টারিওর কোবার্গে এবং জুলাই মাসে হ্যামিলটনের নর্থ এন্ডে অবস্থিত আর্ট ডেকো শৈলীর ভবন হ্যামিলটন-ওশাওয়া পোর্ট অথরিটিতে সিরিজটি চিত্রগ্রহণ করা হয়েছিল।
কিংবদন্তি মোহাম্মদ আলীর জীবন ও উত্তরাধিকারকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্যেই নির্মিত ‘দ্য গ্রেটেস্ট’ আগামী ৪ নভেম্বর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এখন আলীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে টিভি পর্দায় মোহাম্মদ আলীর জীবন কেমন দেখা যাবে।
সূত্র: উইকিপিডিয়া