আইডিয়া ফেস্ট-এর চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতা ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি দল। ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।

কৃষি খাতের বিদ্যমান সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তা ও কার্যকর সমাধান উপস্থাপনের মাধ্যমে দলটি এ সাফল্য অর্জন করে।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন-দলনেতা মারুফ মোস্তফা মুনিম (৭৮তম ব্যাচ, কৃষি অনুষদ), মো. মোহাইমিনুল ইসলাম (৭৭তম ব্যাচ, কৃষি অর্থনীতি) ও মো. রিয়াদ মিয়া (৮০তম ব্যাচ, কৃষি অর্থনীতি)।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের পক্ষ থেকে বক্তব্য দেন দলনেতা মারুফ মোস্তফা মুনিম।

বক্তব্যে তিনি বাংলাদেশের কৃষি খাতের বিদ্যমান সমস্যা, কৃষকদের বহুমাত্রিক চ্যালেঞ্জ এবং এসব সমস্যার কার্যকর সমাধানে তাদের উদ্ভাবনী মডেলের সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণ ও কৃষির টেকসই উন্নয়নে বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরলস প্রচেষ্টা ও অবদানের কথা উল্লেক করেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্ব বিকাশের ধারাবাহিক প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। একই সঙ্গে এ সাফল্য দেশের কৃষি খাতের বাস্তব সমস্যার সমাধানে তরুণ কৃষিবিদদের সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী সক্ষমতা এবং দেশীয় প্রেক্ষাপটে কার্যকর ও টেকসই সমাধান উদ্ভাবনের সম্ভাবনাকে তুলে ধরেছে।

এ গৌরবময় সাফল্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।

২০২৫ সালের অক্টোবর মাসে শুরু হওয়া প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব চলতি বছরের ১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রাথমিক গ্রুপ পর্বের মাধ্যমে দল নির্বাচন করা হয়। পরবর্তী পর্যায়ে নির্বাচিত ১৮টি দল সেমিফাইনালে অংশ নেয়। সেমিফাইনাল থেকে বাছাইকৃত দলগুলো চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে।