নতুন পরিচয়ে লাভলু

এবার নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা সালাহ উদ্দিন লাভলু। চ্যানেলটির নাম ‘সালাহউদ্দিন লাভলু ড্রামাস’।  এরইমধ্যে চ্যানেলটি থেকে নাটক প্রকাশও শুরু হয়েছে। এখন থেকে নিজের চ্যানেলের জন্যই নাটক নির্মাণ করবেন তিনি। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? এ বিষয়ে সালাহ উদ্দিন লাভলুর ভাষ্য, স্বা‘ধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করতেই নিজস্ব ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছি।’ 

একসময় সালাহউদ্দিন লাভলুর নির্মিত ‘রঙের মেলা’, ‘ভবের হাট’, ‘সাকিন সারিসুরি’, ‘সোনার পাখি রুপার পাখি’র মতো নাটক দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এখনো দর্শক সেসব নাটক দেখেন এবং একই ধরনের গল্পে নতুন কাজের জন্য অনুরোধ জানান তাকে। 

লাভলু জানান, তার নাটক সব সময়ই তারকাবহুল ছিল এবং সেগুলো দর্শকের মধ্যে আলোচনা তৈরি করেছিল। এখনো অনেকে মন্তব্য করে আগের মতো নাটক নির্মাণের অনুরোধ জানান। কিন্তু বিভিন্ন কারণে সেভাবে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না তিনি। লাভলুর ভাষায়, ‘চাপমুক্ত হওয়ার জন্য বেসিক্যালি নিজের চ্যানেল ওপেন করা। মনে হলো স্বাধীনভাবে কাজ করা দরকার।’