মুন্সীগঞ্জে নকল নোটসহ গ্রেপ্তার এক

মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা তৈরির সময় শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ২০০ টাকা মূল্যমানের মোট ২ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার মজিবুর রহমানের একতলা ভবনের একটি কক্ষে নকল টাকা ছাপানোর সময় শ্রাবন হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্রাবন জালিয়াতি চক্রের সদস্য হিসেবে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জাল টাকা তৈরি করে ঢাকায় সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।