প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেননি দাবি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, তিনি মনে করেন অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে কোনো ভুল করেননি।
তিনি বলেন, 'যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি বাংলাদেশের যে পর্যায়ের মানুষ হোক এই অভিযানের মাধ্যমে, সেটার জন্যেই আগেই আমি দুঃখপ্রকাশ করে নিচ্ছি।'
'কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল সেদিন করিনি। আমি কেন এটা বলছি, কারণ আমি কেবল আমার নিরাপত্তার জন্যে আমার হাতে যতটুকু সময় প্রয়োজন রেখেছিলাম, তার পরবর্তীকালে সেটি আর দৃশ্যমান হয় নাই,' বলেন ইশরাক হোসেন।
অভিযান নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন পদত্যাগের ঘোষণা দেওয়া এই নেতা।
তিনি দাবি করেন, ‘আত্মরক্ষার জন্যই অস্ত্র হাতে মাদকের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছি। কিন্তু কিছু সংবাদমাধ্যম ন্যারেটিভ তৈরি করে ঘটনা ভিন্নখাতে নিয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘গণমাধ্যমের ভূমিকায় আমি হতাশ হয়েছি, কেন আমাকে এভাবে টার্গেট করা হলো।’
তাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলতে থাকায় দল বা সরকার যেন বিব্রত না হয়, সেজন্য তিনি নিজেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগ করার ইচ্ছাপোষণ করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান।
প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও মাদকের বিরুদ্ধে তার অবস্থান অনড় থাকবে জানিয়ে তিনি ভবিষ্যতে আরও জোরেশোরে মাদকবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।