জিটিসির উদ্যোগে খনি শ্রমিকদের ৫২ সন্তানের শিক্ষাবৃত্তি প্রদান

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫২ সন্তানের মধ্যে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ বিতরণ করেছে খনির পাথর উত্তোলনকারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় খনির সামনে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে এ উপবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। 

জিটিসির নির্বাহী পরিচালক আলহাজ মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে অর্থ বিতরণ করেন প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন।

মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উৎপাদনের দায়িত্বে রয়েছে দেশীয় প্রতিষ্ঠান জার্মানীয়া করপোরেশন লিমিটেড এবং বেলারুশের প্রতিষ্ঠান ট্রেস্ট এসএসের যৌথ উদ্যোগে গঠিত জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। খনি শ্রমিকদের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মানুষের কল্যাণেও প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।

এ লক্ষ্যে খনি এলাকায় জিটিসি চ্যারিটি হোম প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা দেওয়া হচ্ছে। একজন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকের তত্ত্বাবধানে সপ্তাহে পাঁচ দিন এ সেবা চালু রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৫০ জন রোগী এখান থেকে চিকিৎসা পরামর্শ নিচ্ছেন।

খনি এলাকায় সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারণে স্থানীয় বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ।