বগুড়ায় বাসযাত্রীর পকেটে মিলল ১৭০০ ইয়াবা

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭০০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. মাহাবুব হাসান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহা. জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া পাকুরতলা এলাকায় এসএস ফুড জোনের সামনে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী যমুনা লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের বি-৩ আসনে বসা মাহাবুব হাসানের দেহ তল্লাশি করে তার জিন্সের পকেটে থাকা একটি খাকি খাম থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তাঁর কাছে বাসের টিকিট ছিল না বলে জানিয়েছে অধিদপ্তর।

উদ্ধার করা ইয়াবার মধ্যে আটটি নীল জিপারযুক্ত প্যাকেটে ২০০টি করে ১ হাজার ৬০০টি এবং অন্য একটি প্যাকেটে আরও ১০০টি ছিল। সব মিলিয়ে ১ হাজার ৭০০টি ইয়াবার ওজন ১৭০ গ্রাম। এ সময় মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি সিমসহ ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি সিমসহ সিম্ফনি বাটন ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার মাহাবুব হাসান ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ ইউনিয়নের ভদ্রেশ্বরী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত কালাম আলী এবং মায়ের নাম রহিমা আক্তার।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘ক’ সার্কেলের উপপরিদর্শক মো. হুমায়ুন কবির বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।