বাংলাদেশে দুর্গাপূজা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে প্রথমবার দুর্গাপূজা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। 

আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এটি বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। এমন একটি জায়গায় যেতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি। নৃত্যশিল্পীদের পরিবেশনা, চমৎকার সাজসজ্জা ও আপ্যায়ন দেখে মুগ্ধ হয়েছি। অনেক অনেক ধন্যবাদ।’

এর আগে তিনি সোনারগাঁয়ের পানাম নগরী, রূপগঞ্জের জামদানি পল্লি এবং নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বোস কেবিন পরিদর্শন করেন। এ সময় বোস কেবিনে চা পান ও আড্ডায় অংশ নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহাসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতারা।