নগরের পোর্ট কানেক্টিং সড়ক সংস্কার ও স¤প্রসারণ প্রকল্পে ২৪ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (১৯ অক্টোবর) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) কুমিল্লা শাখার সাবেক প্রধান মোহাম্মদ সারোয়ার আলম এবং এনআরবি ব্যাংকের একই শাখার সাবেক প্রধান মোহাম্মদ তোফায়েল। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মোকাররম হোসাইন।
মামলাটি বর্তমানে অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। তথ্যসুত্র জানায়, মামলার প্রধান আসামি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকির এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন হাইকোর্ট থেকে জামিনে আছেন। পোর্ট কানেক্টিং সড়কের অলংকার থেকে নিমতলা পর্যন্ত অংশের সংস্কারকাজের কার্যাদেশ পেয়েছিল মেসার্স রানা বিল্ডার্স অ্যান্ড সালেহ আহমেদ (জেভি)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরির মাধ্যমে নিজেকে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দেন জাকির হোসেন।
জালিয়াতির মাধ্যমে ইউসিবিএলের কুমিলল্লা শাখায় রানা বিল্ডার্সের নামে ভুয়া হিসাব খুলে ২০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। সুদসহ যার পরিমাণ দাঁড়ায় ২৪ কোটি ৫৪ লাখ ৯২ হাজার ৮১৯ টাকা। প্রকল্পের বিলের অর্থ ইউসিবিএলে পাঠানোর কথা থাকলেও তৎকালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুদ্দিন নিয়মবহির্ভূতভাবে এনআরবি ব্যাংকের অনুকূলে ছয়টি চেক ইস্যু করেন। এসব চেকের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দন্ডবিধির বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করে দুদক।