সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-সদর) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. কামরুজ্জামান রতন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মো. কামরুজ্জামান রতন বলেন, 'এই মন্তব্যের কারণে ইতোমধ্যে আমি দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেছি। আমি এই ভুলের জন্য অনুশোচিত। মানুষ মাত্রই ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। যেটা হয়েছে, তা অজ্ঞতার কারণে হয়েছে।'
তিনি বলেন, 'ওই ঘটনা নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগবশত মন্তব্যটি করে ফেলেছিলাম। পরবর্তীতে যখন আমি বিষয়টি জানতে পারি, তখনই দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি। সেই পরিবারের কাছেও আমি ক্ষমা চেয়েছি।'
এমপি রতন আরও বলেন, 'মাফ করার ইখতিয়ার একমাত্র আল্লাহ তাআলার। এই পাপের জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন। তাকে এভাবে পাপী বলাটা আমার একেবারে অজ্ঞতাবশত হয়েছে।'
নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, কারও অনুভূতিকে ছোট করা বা অবজ্ঞা করার উদ্দেশ্য তার ছিল না। প্রবাসী ও রেমিট্যান্সযোদ্ধারা দেশের সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, কাউকে ছোট করে কথা বলার কোনো অভিপ্রায় তার কখনোই ছিল না।
তিনি আরও বলেন, 'তারপরও যারা আহত হয়েছেন, সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে পথচলার ক্ষেত্রে, সেটা ইসলামি ব্যাপারে হোক বা অন্য যেকোনো ব্যাপারেই হোক, আমাকে সতর্কতার সঙ্গে, দায়িত্বশীলতা ও জবাবদিহির মধ্য থেকে যেন প্রশ্নের উত্তর দিতে পারি, এ জন্য আমি নিজেকে আরও বেশি সচেতন রাখব।'